বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৯টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাসচালক জাকির আলমকে গ্রেফতার করে র্যাব-৯ এর সদর কোম্পানি ও সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানির একটি যৌথ দলগ্রেফতার জাকির আলম সিলেট জেলার বিশ্বনাথ থানার মাহতাবপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল কুদ্দুস আলীর ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার চালকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় মামলা হয়েছে। তাকে জয়কলস হাইওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পাকা রাস্তার ওপর মুখোমুখি সংঘর্ষ হয় সুনামগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা ও সিলেটগামী একটি বাসের।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা আক্তার খুশী এবং যাত্রী শফিক মিয়া। গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তীকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
আহত সিএনজি চালকসহ আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।