March 25, 2026, 11:35 am

সৌদি আরবগামী যাত্রী থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

সিরাজুল ইসলাম

রাজধানীর হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আন্তর্জাতিক মাদক চোরাকারবারে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ হাজার ৩৬৪ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রেইডিং টিম বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলায় সি–২ বোর্ডিং ব্রিজের স্ক্যানিং মেশিনের সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট BS381–এর এক যাত্রী বোর্ডিং ব্রিজের ৫ নম্বর স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাকে সন্দেহজনক মনে হলে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩১)। তার পিতার নাম আব্দুল রশিদ মোল্লা এবং মাতার নাম সোনাই বিবি। তার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার মধুরচর গ্রামে।
পরে আটক ব্যক্তির দেহ ও কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে কার্বন ও স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিন প্যাকেটে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা মোট ৪,৩৬৪ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল ইসলাম জানান, দোহার উপজেলার মকসুদপুর এলাকার বাসিন্দা সালাউদ্দিন (২৭) নামের এক ব্যক্তি তাকে এই প্যাকেটটি দিয়েছিলেন। তিনি আরও জানান, এসব ইয়াবা সৌদি আরবে অবস্থানরত তার বড় ভাই নুরুল আমীনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে নিয়ে যেতেন এবং এর বিনিময়ে সৌদি আরব থেকে স্বর্ণ চোরাচালান করে দেশে নিয়ে আসতেন।
এ ঘটনায় আটক সাইদুল ইসলাম এবং পলাতক সালাউদ্দিনের বিরুদ্ধে Narcotics Control Act 2018 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শিবনাথ কুমার সাহা বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক পাচার রোধে বিমানবন্দর এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page