ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের মুখপাত্র শহীদ শরিফ ওসমানের নেতৃত্বে শুক্রবার দুপুর ২টার পর থেকে ছাত্র জনতা সেখানে অবস্থান নেয়। রাত ৯টা পর্যন্ত অবরোধ চলমান ছিল এবং তা অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
অবরোধকারীরা জানান, পরিস্থিতি আরও খারাপ হলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে বাধ্য হবেন। এর আগে শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চ ফেসবুকে দেওয়া এক আহ্বানে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান নিতে দেশের জনগণকে অনুরোধ জানায়।
সন্ধ্যা সাড়ে ৬টার পর সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
কর্মসূচিতে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও হত্যাকারীসহ সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তিনি বলেন, আজ শাহবাগ অবরোধ করা হয়েছে এবং আগামীকালও এই কর্মসূচি চলবে। সারা দেশ থেকে মানুষ এই আন্দোলনে যোগ দিচ্ছেন।
হাদির ভাই শরিফ ওমর বিন হাদি বলেন, সরকারের আচরণে বিচার নিয়ে আগ্রহের অভাব স্পষ্ট। ওসমান হাদির বিচারের দাবি এখন দেশের মানুষের দাবি। বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলেও জানান তিনি। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পূর্বঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর থেকেই ইনকিলাব মঞ্চ এই অবরোধ কর্মসূচি শুরু করে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। টানা পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ চলায় আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।