পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ২৩ আগস্ট ঢাকায় আসছেন। গত তিন দশকের মধ্যে এই প্রথম পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন। তিনি তাঁর সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন, ইসহাক দার তাঁর সফরের দ্বিতীয় দিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের দেড় দশকের শীতল সম্পর্ক পুনরুজ্জীবনের লক্ষ্যে গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। এরই ধারাবাহিকতায় ইসহাক দার তাঁর সফরে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।
জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত শনিবার প্রথম আলোকে বলেন, ২৩ আগস্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। দ্বিপক্ষীয় বৈঠকটি হতে পারে ২৪ আগস্ট।