দাউদকান্দি মেঘনা–গোমতী সেতুর টোল প্লাজার নিচ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩ ইবি আর্মি ক্যাম্পের টহল দল সেখানে অভিযান চালিয়ে প্যাকেটটি উদ্ধার করে।
টহল দলের সদস্যরা জানিয়েছেন, হাতবদলের মুহূর্ত লক্ষ্য করে অভিযান পরিচালনার সময় তারা বোমা সদৃশ একটি প্যাকেট দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে দাউদকান্দি মডেল থানাকে জানানো হয়। পরে পুলিশ এসে কুমিল্লা বোম ডিসপোজাল ইউনিটকে সতর্ক করে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বস্তুটি সেখানে রেখে গেছে তা যাচাই করা হচ্ছে। পুলিশ তদন্তের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেতুর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়সাল তানভীর এবং দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম।
ওসি এম আব্দুল হালিম বলেন, বস্তুটি দেখতে টাইম বোমার মতো হলেও এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সেনাবাহিনী বস্তুটি পরীক্ষা করছে এবং বোমা ডিসপোজাল ইউনিট এসে এটি নিষ্ক্রিয় করবে।