যুক্তরাষ্ট্রের মন্টানা বিমানবন্দরে অবতরণকারী একটি ছোট বিমান পার্ক করা একটি বিমানের সাথে ধাক্কা খাওয়ায় বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার ১১ আগস্ট এ ঘটনা ঘটে।
ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) মতে, সোমবার চারজন যাত্রী নিয়ে একক ইঞ্জিনের বিমানটি দুপুর ২টার দিকে ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল।
এফএএ জানায়, সোকাটা টিবিএম ৭০০ টার্বোপ্রপ বিমানটি মাটিতে থাকা একটি খালি বিমানকে ধাক্কা দেয়। ভেনেজিও বলেন, দুর্ঘটনার পর আগুন পাশের একটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বিমানে আগুন ছড়িয়ে পড়ে।
বিমানবন্দরটি উত্তর-পশ্চিম মন্টানা রাজ্যের প্রায় ৩০,০০০ জনসংখ্যার শহর ক্যালিস্পেলের ঠিক দক্ষিণে অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দক্ষিণ দিক থেকে একটি বিমান এসে রানওয়ের শেষে দুর্ঘটনার কবলে পড়ে এবং অন্য একটি বিমানের সাথে ধাক্কা খায়।
এরপর অবতরণের চেষ্টা করা বিমানটিতে আগুন ধরে যায়। তবে পাইলট এবং তিন যাত্রী বিমানটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
তবে দুই যাত্রী সামান্য আহত হয়েছেন এবং বিমানবন্দরে তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।