আগামী মৌসুম শুরু হওয়ার আগে প্রাক-মৌসুমে নিজেদের শেষ ম্যাচে লুকা মদ্রিচের ক্লাব এসি মিলানের মুখোমুখি হয়েছিল চেলসি। ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল চেলসি ঘরের মাঠে নিজেদের দারুণ ফর্ম ধরে রেখেছে। ইতালির জায়ান্ট মিলানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
মিলানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করলো চেলসি। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম। ইতালিয়ান সিরি আ শুরু হবে পরের সপ্তাহে।
ক্লাব বিশ্বকাপ জয়ের পর গত বৃহস্পতিবার (৭ আগস্ট) চেলসি মাঠে নেমেছিল লেভারকুসেনের বিপক্ষে। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল মারেস্কার দল। আর রোববার (১০ আগস্ট) ঘরের মাঠে মিলানকে হারিয়েছে চেলসি।