June 9, 2026, 7:07 pm

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সিরাজুল ইসলাম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জুন দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তথ্যের ভিত্তিতে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ গাঁজার চালান উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন বকুল হাসান (২৩) ও রাসেল মিয়া (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।

অভিযানকারী কর্মকর্তারা জানান, পিকআপ ভ্যানটির পেছনে থাকা দুটি বড় প্লাস্টিকের বস্তা এবং একটি পলিথিন ব্যাগের মধ্যে অত্যন্ত কৌশলে গাঁজার পোঁটলাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তল্লাশি শেষে মোট ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তেজগাঁও সার্কেলের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মুঠা বলেন, মাদক চোরাচালান ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান চলমান রয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর উত্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। রাজধানীকে মাদকমুক্ত রাখতে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও ব্যাপকভাবে পরিচালিত হবে।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page