সাভারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাসুদ রানা পলিন। বুধবার (২২ এপ্রিল) সকালেসংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ এক বিবৃতির মাধ্যমে এই নতুন কমিটির ঘোষণা দেন।
বিবৃতিতে জানানো হয়, সাভার উপজেলা কমিটির পূর্বের সভাপতি মো. জামিল সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় না থাকায় সংগঠনের গতিশীলতা বজায় রাখতে মো. মাসুদ রানা পলিনকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত সভাপতি এবং সৈয়দ আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুদ রানা পলিন দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি দেশের শ্রমজীবী মানুষের বর্তমান দুরবস্থার চিত্র তুলে ধরে বলেন:
“দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ শ্রমজীবী মানুষের জীবন আজ দুর্বিষহ। সরকার পরিবর্তন হলেও শ্রমিকের ওপর চাঁদাবাজি ও হয়রানি বন্ধ হয়নি। বিশেষ করে নারী শ্রমিকরা এখনো নানাভাবে নিগৃহীত হচ্ছেন।”
শ্রমিকদের কল্যাণে পলিনের দাবিসমূহ:
সংগঠনের পক্ষ থেকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য:
ন্যূনতম মজুরি:ব্যক্তিমালিকানা নির্বিশেষে অবিলম্বে ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা।
রেশন ব্যবস্থা: শ্রমজীবী মানুষের জন্য চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরকারি রেশনিং ব্যবস্থা চালু।
সামাজিক নিরাপত্তা:শ্রমিক কলোনি স্থাপনের মাধ্যমে আবাসন নিশ্চিত করা এবং শিক্ষা ও চিকিৎসা সেবা প্রদান।
শ্রম সংস্কার: শ্রম সংস্কার কমিশনের সুপারিশসমূহ দ্রুত কার্যকর করা।
পরিশেষে তিনি নিষ্ঠা ও সততার সাথে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং কমিটির সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন।