May 2, 2026, 12:40 am

প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন আজ

A.A.B AKASH

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে আজ সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুপুরে রওনা হবেন তিনি। এ সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে স্বাক্ষরিত হবে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ নোট। একই সঙ্গে অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ।

রবিবার (১০ আগস্ট) বিকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র শাহ আসিফ রহমানসহ অন্যরা।

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টার এ সফরটি খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে শফিকুল আলম বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ সম্পর্ক আরো গভীরতর করতে যাচ্ছে। প্রবাসী শ্রমিক নিয়োগে দেশটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সফরের অগ্রাধিকার হচ্ছে অভিবাসন, বিনিয়োগ। সম্পর্কের সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এ ছাড়া গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করবে দুদেশ।

শাহ আসিফ রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ১১ থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা দেশটিতে সফর করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা থাকবেন।

তিনি বলেন, মালয়েশিয়া পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হবে। মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকের পরপরই প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে।

মুখপাত্র বলেন, দুই দেশের মধ্যে মোট পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো হলো– প্রতিরক্ষা ও জ্বালানিবিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও চিপ নির্মাণ প্রতিষ্ঠান মিমোসের (এমআইএমওএস) মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মালয়েশিয়ার (আইএসআইএস) মধ্যে সহযোগিতা। এ ছাড়া দুই দেশের মধ্যে হালাল ইকো সিস্টেম, উচ্চ শিক্ষা এবং কূটনীতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতাবিষয়ক এক্সচেঞ্জ অব নোট সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা যায়, সফরের তৃতীয় দিন বুধবার প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) সম্মানসূচক ডিগ্রি দেবে। এরপর প্রধান উপদেষ্টা সেখানকার শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তৃতা প্রদান করবেন।

২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত অক্টোবরে কোনো দেশের সরকার প্রধান হিসেবে সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page